দেশের ইতিহাসে অভূতপূর্ব অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘শতবর্ষে শতপুরস্কার’ প্রতিযোগিতার সময় বাড়ানো হয়েছে। রোববার দিবাগত ভোর রাত ২টা পর্যন্ত
https://quiz.mujib100.gov.bd/ ওয়েব ঠিকানায় গিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন নিবন্ধিত প্রতিযোগীরা।
কারিগরিত্রুটির ক্ষতি পুষিয়ে নিতে এই সময় বাড়ানোর কথা নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাত ১২টায় নিজের ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত ঐতিহাসিক ছয়দফা দিবসের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে এই কুইজ প্রতিযোগিতাটি রাত ৯টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
ঘোষণা অনুযায়ী বিকেল ৩টার মধ্যে ১ লাখ ৫১ হাজার প্রার্থী সাইনআপ করে। এরমধ্যে ১ লাখ ৯ হাজার প্রতিযোগী সফল ভাবে নিবন্ধন করেন।
যথাসময়ে পরীক্ষা শুরু হলে কারিগরি ত্রুটির কারণে এক ঘণ্টায় ৩৯ হাজারের বেশি পরীক্ষা দিতে সক্ষম হয়নি। ফলে এই সময় বাড়ানো হয়েছে।
প্রতিযোগিতাটিতে ৬ দফা নিয়ে ৬ মিনিটে সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিততে পারবেন ১০০ বিজয়ী। হতে পারবেন লাখোপতি। আর ভোর রাত দুইটা পর্যন্ত প্রতিযোগিতার সময় বাড়ানোর ফলে এক্ষেত্রে পরীক্ষা গ্রহণের সময় দাঁড়ালো ৬ ঘণ্টা।
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে সম্মিলিতভাবে এই কুইজের আয়োজন করেছে বাংলা ট্র্যাক, আইসিটি বিভাগ, তথ্য মন্ত্রণালয় ও প্রিয়.কম।